চিফ প্রসিকিউটর বললেন

ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান থাকবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ (বার্তা) না আসলেও অনানুষ্ঠিকভাবে আমাদেরকে বলা হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলবে।’

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তখনকার অন্তর্বর্তী সরকার। সেই থেকে গণআন্দোলন দমনে ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ চলছে দুটি ট্রাইব্যুনালে। ইতিমধ্যে একাধিক রায়ও হয়েছে, যাতে প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কয়েকজনের ফাঁসির রায় হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বিএনপি। গত বুধবার সচিবালয়ে নতুন সরকারের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ট্রাইব্যুনালের বিচারকাজ অব্যাহত থাকবে।

এই প্রসঙ্গ ধরে গতকাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আইনমন্ত্রী গতকাল (বুধবার) বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি, দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যেখানে বিচারের জায়গা বিচার বিচারের মতো চলমান থাকবে।’ তিনি বলেন, ‘সরকার আমাদের সুনির্দিষ্ট কিছু না বললেও বিচার চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকা- চলমান রাখব এবং এটাই ন্যায়বিচারের দাবি।’ চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা নয়, বিচারটা অবশ্যই চলমান থাকবে।’