তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ বহাল বা বাতিল এর সবকিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে। অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন। গত বুধবার সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর বাসস অফিস থেকে বের হয়ে যেতে হয় সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে। বিষয়টিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী।
বাসসের ঘটনাটির সঙ্গে এখন টিভির কয়েকজন রিপোর্টারকে চাকরিচ্যুতির প্রসঙ্গও তোলেন সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, ‘বাসসে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা, সেটাও আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা বিধিবিধান অনুযায়ী সমাধান বের করব। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউজে সমস্যা হয়েছে সম্ভবত এখন টিভিতে। এটাও শুধু শুনেছি। সংশ্লিষ্ট যারা, সংক্ষুব্ধ যে কজন এবং এখন টিভির মালিকপক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টি একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কি না উদ্যোগ নেব।’
মন্ত্রী আরও বলেন, ‘এমন মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি, আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি।’
এদিকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১)। সদস্য হিসেবে থাকছেন প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আদেশে বলা হয়েছে, কমিটি অভিযোগগুলোর বিষয়ে গভীর পর্যালোচনা করবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।