দুই দিনের সফরে আজ শুক্রবার সিলেট যাচ্ছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার ও শনিবার সিলেটে বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) মন্ত্রীর একান্ত সচিব মো.সাজেবুর রহমান স্বাক্ষরিত সফরসূচী থেকে জানা যায়, শুক্রবার সকাল ৮টা ৫মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এসে পৌঁছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুম্মার নামাজ হযরত শাহজালাল (রহ:) মসজিদে আদায় করে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন।
পরে দরগাহ হযরত শাহজালাল (রহ:), হযরত শাহপরান (রহ:) ও গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন। পরে তিনি দক্ষিণ সুরমার তেঁতলিতে ইফতার মাহফিলে যোগদান করবেন।
পরদিন শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন।
একইদিন সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিকদলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে যোগদান করবেন। পরে রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।