বিশ্বকাপকে অবহেলা নয়, ব্যর্থতার দায় ক্রিকেটারদের দিলেন অস্ট্রেলিয়া কোচ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। এই পর্বে তারা শ্রীলঙ্কা এমনকী জিম্বাবুয়ের কাছেও হেরেছে। অভিযোগ উঠেছে যে- অজিরা নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দেয় না। এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ক্রিকেটারদের ফর্মহীনতাই বিশ্বকাপ ব্যর্থতার মূল কারণ।

ওমানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা অনেকদিন ধরেই এই বিশ্বকাপের জন্য পুরোপুরি মনোযোগী ছিলাম। এটি আমাদের অগ্রাধিকারের একটি। টি–টোয়েন্টি বিশ্বকাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে যেসব কথাবার্তা শোনা যায়, সেগুলো পুরোপুরি ভুল। ২০২১ সালে আমরা শিরোপা জিতেছি। এরপর তেমন সফল না হওয়ায় প্রত্যাশা আরও বেড়েছে। কিন্তু অন্য ফরম্যাটকে অগ্রাধিকার দিয়ে আমরা বিশ্বকাপকে অবহেলা করেছি- এটা একেবারেই সত্য নয়।’

ম্যাকডোনাল্ডের মতে, দলের একাধিক খেলোয়াড় একই সময়ে ফর্ম হারানোই ব্যর্থতার প্রধান কারণ। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, একসঙ্গে অনেক খেলোয়াড় প্রত্যাশামতো খেলতে পারেনি, যা এই দলের ক্ষেত্রে খুবই বিরল। অতীতে আমরা সবসময় ব্যাট হাতে অন্তত দুজনকে পেয়েছি, যারা অবদান রেখেছে। তারা আমাদের স্কোর গড়তে সাহায্য করেছে। এবার সেটার অভাব বোধ করেছি।’

দলের ব্যাটিং লাইনআপ অতিরিক্ত পাওয়ার হিটিংনির্ভর ছিল- এমন সমালোচনাও খণ্ডন করেন কোচ। ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ ও মিচেল মার্শের উদাহরণ টেনে তিনি বলেন, ‘শুধু শক্তির ওপর আমরা সব ভরসা রেখেছিলাম- এটা বলা অন্যায়। এরা সবাই টেস্ট ক্রিকেট খেলেছে। টেস্ট খেললে বিভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার দক্ষতা অবশ্যই থাকে। আমরা মনে করেছি ব্যাটিং ইউনিটে ভারসাম্য ছিল।’

তিনি আরও বলেন, ‘টেস্ট সিরিজের পর কিছু খেলোয়াড়ের চোট সমস্যা হয়েছে, যার প্রভাব অন্য ফরম্যাটেও পড়েছে। তিন ফরম্যাটে ধারাবাহিকভাবে উচ্চমান ধরে রাখা খুব কঠিন। কখনো কখনো চোট, কাজের চাপ- এসব বিষয় বাধা হয়ে দাঁড়ায়। এই টুর্নামেন্ট থেকে আমরা এই বিশ্বাস নিয়েই বিদায় নিচ্ছি যে, আমরা যথেষ্ট ভালো ছিলাম। সুযোগগুলো কাজে লাগাতে না পারায় আমরা ভীষণ হতাশ।’