বিখ্যাত ইতালীয় কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত। আসন্ন ২০২৬ বিশ্বকাপের পরও তিনি সেলেসাওয়ের কোচ হিসেবে থাকতে চান। নতুন চুক্তিটি হলে তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। আশা করা হচ্ছে, আসন্ন সপ্তাহগুলোতেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। একইসঙ্গে তিনি ব্রাজিলিয়ানদের উচ্ছসিত প্রশংসা করেছেন।
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি বর্তমানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের দায়িত্ব পালন করছেন। তার ছোঁয়ায় বদলে গেছে হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ব্রাজিল দল। করছেন এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে বেশ সন্তুষ্ট। টিভি অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’-এর একটি প্রোমোতে তাকে বলতে শোনা যায়, তিনি কোচিং করে খুবই সন্তুষ্ট এবং চার বছরের জন্য চুক্তি নবায়ন করতে চান।
৬৬ বছর বয়সী এই কোচ ২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো কোচিং শুরু করেন। এর আগে রিয়াল মাদ্রিদকে তিনি সাফল্যের শীর্ষে তুলেছিলেন। আসন্ন বিশ্বকাপে ব্রাজিল সবসময়কার মতোই অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও অনেকে মনে করেন ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিন, শক্তিশালী ফ্রান্স এবং ইংল্যান্ড তাদের চেয়ে এগিয়ে আছে।
২০০২ সালের পর থেকে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারেনি। আনচেলত্তির অধীনে দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা ঘুচানোর লক্ষ্য নিয়ে তারা মাঠে নামবে। যদিও বাছাইপর্বে ব্রাজিলের পারফর্মেন্স ছিল ছন্নছাড়া। ব্রাজিল ফুটবলে নিজের ভবিষ্যৎ সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘আমি বিশ্বাস করি ব্রাজিলের সঙ্গে চার বছরের জন্য চুক্তি নবায়ন করব। এটি নতুন কাজ এবং আমি এটি খুব পছন্দ করি।’
সম্প্রতি বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকাকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। একজন খেলোয়াড়কে কোচ ও সতীর্থদের সম্মান করতে হবে। মাঠে তার আচরণ অনেক উন্নত হয়েছে। ব্রাজিলিয়ানরা খুব বিনয়ী, তারা ভিন্ন ধরনের। এখানে যে ভিনি আসে, মানবিক দিক থেকে সে রিয়াল মাদ্রিদের ভিনির চেয়ে আলাদা।’
ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রশিক্ষণ কেন্দ্রে আনচেলত্তির এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে। উপস্থাপক হিসেবে থাকা সাবেক তারকা হোর্হে ভালদানো একপর্যায়ে প্রশ্ন করেন- ভবিষ্যতে আবার সান্তিয়াগো বের্নাবেউ-তে তৃতীয় দফায় ফিরতে চান কি না? জবাবে আনচেলত্তি শুধু বলেন, ‘এটা একটা ভালো প্রশ্ন…।’