মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাঈদ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
রাষ্ট্রায়ত্ত আল-আহরাম জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে পোর্ট সাঈদের দক্ষিণে ৩০ জুন অ্যাক্সিস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই জেলে ছিলেন, যাদের উপকূলীয় এলাকার মাছের খামারে কাজে নেওয়া হচ্ছিল।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, পিকআপটি দুটি ভারী পণ্যবাহী ট্রাকের মাঝে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে আছে এবং সড়কজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন সরকারি কৌঁসুলিরা।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক বৈঠকে অংশ নেওয়া মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হতাহতদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন।
মিশরে সড়ক দুর্ঘটনা প্রায়ই প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। বেপরোয়া গতি, সড়কের দুরবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।