নিজ জেলায় ভালোবাসায় সিক্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার নিজ জেলা যশোরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। এদিন বেলা সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে পৌঁছলে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে যশোর বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হিসেবে দুই দিনের সরকারি সফরে যশোরে আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই সার্কিট হাউজ এলাকায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ফুল নিয়ে অপেক্ষা করতে দেখা যান। যশোর শহর ছাড়াও জেলার আট উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা ফুলের তোড়া ও মালা নিয়ে দলে দলে সার্কিট হাউজে আসেন। এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই দিনের সফরে শুক্রবার বিকাল ৩টায় জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এরপর ওলামাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নেবেন। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

অনিন্দ্য ইসলাম অমিতের বাবা তরিকুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন। বাবার রাজনৈতিক পথ অনুসরণ করে অমিতও রাজনীতিতে সক্রিয় হন। গত ১৭ বছর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। এর ফলশ্রুতিতে তিনি বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং পরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অনিন্দ্য ইসলাম অমিত। বিএনপি সরকার গঠন করলে তাকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়।

নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এ দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে আরও শানিত করবে এবং যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নে গতি সঞ্চার করবে।