কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন সবুজ (৩০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে উপজেলা কালিকাপুর ইউনিয়ন ছুফিয়া এলাকায়। নিহত সবুজ সীতাকুণ্ড থানার সিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যান চলন্ত অবস্থায় সামনের দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে চালক সবুজ গুরুতর আহত হন। এ সময় চালক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গুরুতর আহত চালক সবুজের শরীরের নিচের অংশ মারাত্মক যখন হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তা গুরুতর আহত চালককে হাসপাতালে পাঠাই। সেখানে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে চালকের লাশ হস্তান্তর করা হবে।