সাংবাদিক হয়রানি বন্ধের আহ্বান ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বাসসের প্রধান সম্পাদকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা দুঃখজনক। তার ব্যাপারে কারো যৌক্তিক কোনো অভিযোগ থাকলে তা সুরাহা করার আইনি ব্যবস্থা আছে। তার চর্চা না করে একধরণের মব তৈরি করে তাকে অপদস্ত করা কোনোভাবেই সমর্থনযোগ্য না।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, এখন টিভিতে সরকার গঠনের দিনেই চারজন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো একটি অশুভ আলামত। যে কারণ দেখিয়ে ছুটি দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও উদ্দেশ্য প্রণোদিত। কোনো ধরনের ব্যাখ্যা না চাওয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে চাকরিচ্যুত করা অমানবিক ও স্বেচ্ছাচারী আচারণ।

উভয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়ে তিনি বলেন, অবিলম্বে সাংবাদিক মাহমুদ রাকিব, আজহারুল ইসলাম, মুজাহিদ শুভ ও বেলায়েত হোসাইনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।