ভারত-পাকিস্তান ম্যাচ অনলাইনে দেখেছে ১৬ কোটি ৩০ লাখ মানুষ

ভারত–পাকিস্তানম্যাচ ঘিরে টুর্নামেন্টের আগে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ভারতের ম্যাচ পাকিস্তানের বয়কটের হুমকি এবং স্পন্সরশিপ ও সম্প্রচারস্বত্বে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন ছিল আয়োজক ও সম্প্রচার সংশ্লিষ্ট মহল। তবে সব শঙ্কা ছাপিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত–পাকিস্তান মহারণ শেষপর্যন্ত পরিণত হয়, যা মাঠ ও ইলেকট্রনিক স্ক্রিন—দুই জায়গাতেই এক ঐতিহাসিক সাফল্যে।

এই ম্যাচটি ইলেকট্রনিক স্ক্রিনে ১৬ কোটি ৩০ লাখ মানুষ দেখেছে বলে জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল ও সম্প্রচার অংশীদার জিওস্টার। এটি আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ডিজিটাল রিচ। পেছনে ফেলেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনালের রেকর্ডও, যেখানে খেলেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। 

জিওস্টারের তথ্য অনুযায়ী, ২০২৪ আসরের ভারত–পাকিস্তান ম্যাচের তুলনায় এবার ডিজিটাল রিচ বেড়েছে ৫৬ শতাংশ। সব স্ক্রিন মিলিয়ে মোট দেখার সময় ছিল প্রায় ২ হাজার কোটি মিনিট—যা এই ম্যাচ ঘিরে দর্শকদের বিপুল আগ্রহ ও সম্পৃক্ততারই প্রমাণ।

মাঠের লড়াইয়েও কোনো নাটকীয়তা ছাড়াই আধিপত্য দেখিয়েছে ভারত। ৬১ রানে পাকিস্তানকে হারিয়ে অপরাজিত থেকেই সুপার এইট পর্ব নিশ্চিত করে তারা।