পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে। কোনো বিশেষ দেশের প্রতি অতি-নির্ভরশীলতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের মেরুদণ্ড সোজা রেখে বিদেশে একটি স্থিতিশীল এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। সরকার ভিসা সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরে তিনি বিকাল তিনটায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এ সময় জেলার সরকারি দপ্তরের সকল প্রধানরা উপস্থিত ছিলেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়া রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাসহ জেলার জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ফুল দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।