কক্সবাজারে ৩ দিনের সফরে সিইসি

তিনদিনের সফরে কক্সবাজারে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে গাড়িযোগে কক্সবাজার সার্কিট হাউজের উদ্দেশে রওনা হন সিইসি। সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিইসি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে পৌঁছে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, ব্যক্তিগত তিনদিনের সফরে কক্সবাজার এসেছেন সিইসি। শুক্রবার রাতে তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। আগামী ২১ ফেব্রুয়ারি সকালে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।