আমির হামজা

৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব

বিরোধী দলের ৭৯ সংসদ সদস্য নিয়ে সরকারি দলের ২১১ জনকে ‘তীরের মতো সোজা’ করে রাখার হুঁশিয়ানি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। পাশাপাশি, দলীয় বিবেচনা না দেখে সবার প্রতি ন্যায়বিচার করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আমির হামজা বলেন, চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে- এই ৭৯ জন, আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। মসজিদের মধ্যে বসে বলছি, ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব। সেটা সংসদের ভেতরে হোক, আর বাইরে হোক।

নবনির্বাচিত এই এমপি সবাইকে নিজের ভাই-বোন মনে করে দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে বলেন, আমাদের কাছে দল-বেদল, ধর্ম-অধর্ম না। মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, এটা হিসাব করে দেখব, সেটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে, এটা ন্যায়বিচার না।

তিনি আরও বলেন, আমি এমপি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি শুধু এদেরই না, আমার সাড়ে ৪ লাখ ভোট, এদের সবার এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাআল্লাহ আগামী ৫ বছর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।