অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধীদলীয় জোট। জামায়াতের আমির ও জোটের প্রধান নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাত ১২টা ১ মিনিটের পর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় নেতারা শহিদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত এবং এ টি এম আজহারসহ বিরোধীদলীয় শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
জানা গেছে, অতীতে জামায়াতের পক্ষ থেকে এভাবে শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি; এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হলো।
এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের নিয়ে দ্বিতীয় দফায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে শহিদ মিনারে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।