ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমল্লার বসু। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ও ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাবি শাখার সেক্রেটারি মাঈন আহমেদ।

জাবির আহমেদ জুবেল বলেন, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে শুক্রবার (গতকাল) দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি।