কদমতলীতে শিশুহত্যার রহস্য উদঘাটন, নারী গ্রেপ্তার

রাজধানীর কদমতলীতে শিশুহত্যার রহস্য উদঘাটনসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ। গত বৃহস্পতিবার কদমতলী খানকাহ শরিফ এলাকা থেকে মায়া বেগম ওরফে লাবণীকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত মঙ্গলবার নিহত শিশুর মা মুন্নি আক্তার থানায় এসে অভিযোগ করেন তার শিশু ছেলে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। পরের দিন গেন্ডারিয়া এলাকায় প্লাস্টিকের ড্রামে ভর্তি শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে মুন্নি আক্তার লাশ শনাক্ত করেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে প্রতিবেশী মায়া বেগমকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি ঘটনা স্বীকার করে জানান, কয়েকদিন আগে তার মোবাইল চুরি হয় এবং সে মুন্নির মেয়েকে সন্দেহ করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে ১৭ ফেব্রুয়ারি রাস্তায় শিশুটিকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে বাসায় ডেকে নেয়। মোবাইলের কথা জিজ্ঞাসা করে কোনো সন্তোষজনক উত্তর না পেয়ে রেগে গিয়ে শিশুটিকে সজোরে থাপ্পড় মারে। এতে শিশুটি খাটের ডাশায় মাথা ও মুখে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।