বিবাহবিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। প্রেমিকা মাহিয়েকা শর্মার ২৫তম জন্মদিনে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়ে সবার নজর কেড়েছেন। তবে সবচেয়ে আলোচনায় এসেছে হার্দিকের পোস্টে মাহিয়েকার জবাব।
হার্দিক তার প্রেমিকার সঙ্গে প্রেমময় একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে হাসি–মজা, উষ্ণ আলিঙ্গন, আতশবাজির আলোয় তাদের হাত ধরে হাঁটতে দেখা যায়। শেষ মুহূর্তে তারা আকাশে ফানুস ওড়ান। ভিডিওর ক্যাপশনে হার্দিক লেখেন, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা। ২৫ বছর আগে তুমি এই পৃথিবীতে এসেছিলে—তার জন্য ধন্যবাদ। তুমি আমার জানা সবচেয়ে অসাধারণ মানুষ। আমি তোমাকে ভালোবাসি।’
পাণ্ডিয়ার পোস্টের জবাবে মাহিয়েকা লিখেছেন, ‘এই বছরে তুমিই আমার সবচেয়ে বড় উপহার।’ এরপর মাহিয়েকা নিজের সামাজিক মাধ্যমে পাণ্ডিয়ার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের একটি সুন্দর কোলাজ শেয়ার করে লিখেন, ‘আমি আমার মানুষটাকে ভালোবাসি। সেরা জন্মদিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, প্রিয়। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’
২০২৫ সালের অক্টোবর মাসে, সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হওয়ার কিছুদিন পরই পাণ্ডিয়া আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে তাদের মুম্বাই বিমানবন্দর ও বিভিন্ন ভ্রমণেও একসঙ্গে দেখা গেছে। চলতি বছরের শুরুতে তারা মুম্বাইয়ে অনুষ্ঠিত ইউনাইটেড ইন ট্রায়াম্ফ অনুষ্ঠানে হাত ধরে ক্যামেরার সামনে পোজ দেন এবং কালো পোশাকে মিল রেখে হাজির হন।
পাণ্ডিয়ার প্রথম বিয়ে হয়েছিল অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে। ২০২০ সালে কোভিড মহামারির সময় তারা বিয়ে করেন এবং একই বছরের ৩০ জুলাই তাদের ছেলে আগস্ত্যের জন্ম হয়। দীর্ঘ জল্পনার পর ২০২৫ সালের জুলাইয়ে তাদের বিচ্ছেদ ঘটে। তখন যৌথ বিবৃতিতে তারা বলেছিলেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সবটুকু দিয়েছি। আমরা মনে করি, এটাই দুজনের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’