‘সাকিবের মামলার ফাইল রবি-সোমবারের মাঝে সরকারের কাছে যাবে’

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিসিবি এবং নবনির্বাচিত সরকার বিষয়টি নিয়ে আন্তরিক। বিসিবি পরিচালক আসিফ আকবরও জানালেন, সাকিবের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো নিয়ে এখন পর্যালোচনা চলছে। দ্রুত সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবকে ফেরানোর চেষ্টা চলছে। গতকাল শুক্রবার একটি টকশোতে আসিফ আকবর বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সর্বশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।’

সাকিবের বিরুদ্ধে পুরোনো মামলা ও আইনি বিষয় নিয়ে আসিফ বলেন, ‘সাকিবের মামলা বা অন্যান্য যা রয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। আমরা খুব দ্রুততম সময়ে খুব সম্ভবত রবিবার-সোমবারে কেসের ফাইলগুলো পৌঁছে দেব। পরবর্তী দায়িত্ব সরকারের। আশা করছি রবি-সোমবারের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব সাকিবের কেসের ফাইলগুলো।’

একই অনুষ্ঠানে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব ক্রিকেটার কি না এটা নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে খেলছে সে, সেখানে কিছু কিছু পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। আমার মনে হয় যদি ফিটনেস লেভেলটা মোটামুটি থাকে (খেলতে পারবে), সে ভালো প্লেয়ার....বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড।’

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আমিনুল হক বলেছিলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’