নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীত পরিবেশ ও জাতীয় পতাকা উত্তোলন করেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ করার পর পর্যায়ক্রমে বড়াল হল, বনলতা হল এবং রেন্টাল হলের প্রভোস্টরা পুষ্পস্তবক অর্পণ করেন।
দ্বিতীয় পর্বে বাউয়েট ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে বাউয়েট প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো.হামিদুর রহমানের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।