যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।
কনস্যুলেটের আঙ্গিনায় অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে কনসাল জেনারেলসহ কনস্যুলেটে কর্মকর্তা-কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতারা, বাংলাদেশ বিমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংরেজি মাধ্যম), সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বাংলা তরজমা ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চলমান অনুষ্ঠানে একপর্যায়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে কনসাল জেনারেল বাংলাদেশের ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং সৌদি প্রবাসীদের সৌদি সরকারের আইন-কানুন মেনে চলার, দেশের মর্যাদা ক্ষুন্ন করে এ ধরনের অবৈধ কাজ হতে বিরত থাকার এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতারা এবং বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বাংলা ও ইংরেজি মাধ্যম) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।