রাশিয়ায় বৈকাল হ্রদে বাসডুবি, নিহত ৭ চীনা পর্যটক

রাশিয়ার সাইবেরিয়ায় বৈকাল হ্রদে বরফ ভেঙে একটি পর্যটকবাহী বাস ডুবে সাতজন চীনা পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা জানায়, প্রায় তিন মিটার চওড়া বরফের ফাটলে বাসটি পড়ে যায় এবং পরে হ্রদের পানিতে তলিয়ে যায়। 

উদ্ধারকারীরা পানির নিচে ক্যামেরা ব্যবহার করে তল্লাশি চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করেছেন বলে জানানো হয়েছে।ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের কনস্যুলেট জেনারেলকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, বাসটি ডুবে যাওয়ার আগে একজন পর্যটক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে বাসটি পানির প্রায় ১৮ মিটার গভীরে পাওয়া যায়।

বিশ্বের গভীরতম স্বাদুপানির হ্রদ হিসেবে পরিচিত লেক বৈকাল সাইবেরিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এটি মঙ্গোলিয়ার ঠিক উত্তরে অবস্থিত এবং বিশেষ করে চীনা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। শীতকালে হ্রদটির বিশাল জলরাশি বরফে ঢেকে যায়। তখন বরফের স্তরে স্ফটিকের মতো স্তম্ভ তৈরি হয় এবং নিচে আটকে থাকা ঢেউয়ের কারণে ভাঙনের বিশেষ ধরনের শব্দ শোনা যায়, যা পর্যটকদের কাছে আকর্ষণীয়।

বরফ জমে গেলে কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু বরফ-সড়ক চালু করে, যা নিয়মিত তদারকি করা হয় এবং পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে নির্ধারিত পথের বাইরে গাড়ি চালানো আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। কোবজেভ জানান দুর্ঘটনার সময় যে পথে বাসটি চলছিল, সেটি চলাচলের জন্য অনুমোদিত ছিল না। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।