মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবার দাপ্তরিক কার্যক্রম শুরু করে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। এটি তেজগাঁও কার্যালয়ে তার প্রথম দাপ্তরিক স্বাক্ষর ও আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ।

এদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে এসে পৌঁছালে কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। দীর্ঘ সময় পর তেজগাঁও কার্যালয়ে সরকারপ্রধানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।

পরে দাপ্তরিক কাজ শুরু করার আগে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপন করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।

স্মারক ডাকটিকিট উন্মোচন শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী তার নতুন কর্মস্থলে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর মাধ্যমেই তেজগাঁও কার্যালয়ে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হলো।