দ্য হানড্রেডে পাকিস্তানি ক্রিকেটার না থাকাটা হবে লজ্জাজনক: হ্যারি ব্রুক

ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুক বলেছেন, চলতি বছর দ্য হানড্রেড টুর্নামেন্টে পাকিস্তানের খেলোয়াড়দের বাদ দেওয়া হলে সেটি হবে লজ্জাজনক। সূত্রের বরাত দিয়ে ‘বিবিসি স্পোর্টস’ জানিয়েছে, হানড্রেডের নিলামে চারটি ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারদের বিবেচনায় নিচ্ছে না।

আগামী মার্চের ১১ ও ১২ তারিখে অনুষ্ঠিত হবে দ্য হানড্রেডের নিলাম। ইয়র্কশায়ারের ব্যাটার ব্রুক ইতিমধ্যে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস দলে চুক্তিবদ্ধ হয়েছেন। আগে এই দলটি নর্দার্ন সুপারচার্জার্স নামে পরিচিত ছিল। ৪ লাখ ৬৫ হাজার পাউন্ড পারিশ্রমিকে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।

গত দুই মৌসুমে ব্রুক দলটির অধিনায়ক ছিলেন, তবে এ বছর আর অধিনায়কত্ব করবেন না বলে জানিয়েছেন। ব্রুক বলেন, ‘এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য টি-২০ বিশ্বকাপে খেলা। দ্য হানড্রেডের বিষয়টা আমার নিয়ন্ত্রণে নয়—তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’

তবে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ না দেওয়ার বিষয়টি তিনি মানতে পারছেন না, ‘পাকিস্তান বহু বছর ধরে একটি দুর্দান্ত ক্রিকেট জাতি এবং তাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে। বিশ্বের সেরাদের মধ্যে কয়েকজন আছে পাকিস্তানের। তাদের কাউকে দ্য হানড্রেডে না দেখতে পাওয়া সত্যিই লজ্জার হবে।’

উল্লেখ্য, পাকিস্তানের ৬৭ খেলোয়াড় দ্য হানড্রেডের নিলামে নাম লিখিয়েছেন। এদের মাঝে আছে মোট ৬৩ জন পুরুষ ও ৪ জন নারী ক্রিকেটার। বিবিসিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি আগ্রহ মূলত সেসব দলেরই থাকবে, যেগুলো ভারতীয় প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত নয়।

ভারত–পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনার কারণে ২০০৯ সাল থেকে পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে খেলছেন না। একই ধারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যান্য লিগেও দেখা যাচ্ছে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘জাতীয়তার ভিত্তিতে খেলোয়াড় বাদ দেওয়া কখনোই মেনে নেওয়া উচিত নয়। এই বিষয়ে বোর্ডকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’