কুষ্টিয়ায় সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

কুষ্টিয়া শহর বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সিএনজিচালক এবং ৩ নারীসহ ৪ যাত্রী। এই খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, ঘটনাস্থলেই তিনজন এবং আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।