বাবুডাইং আলোর পাঠশালায় বুনো ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের বাবুডাইং আলোর পাঠশালায় স্থায়ী শহিদ মিনার না থাকায় নিজেদের তৈরি শহীদ মিনারে বুনো ফুল দিয়ে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা।

একুশের সকালে পাঠশালা শিক্ষার্থীরা প্রভাতফেরি বের করে। প্রভাতফেরিটি গ্রামের পথঘুরে পাঠশালা মাঠে বাঁশ-কঞ্চি দিয়ে তৈরি শহিদ মিনারে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ আদিবাসী শিশুরা শ্রদ্ধা নিবেদন করে। এর আগে তারা শহিদ মিনারের বেদীতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে। দিনটিকে ঘিরে পাঠশালাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

শিক্ষকরা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যারয়ের শিক্ষার্থীরা এক সপ্তাহ আগে থেকেই দূর থেকে মাটি নিয়ে এসে শহিদ মিনারের বেদী তৈরি করে। পরে বাঁশ-কঞ্চি দিয়ে তৈরি করা হয় শহীদ মিনার। পাঠশালার মাটির দেয়াল ও শহিদ মিনারের বেদীতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষে শহিদ মিনার চত্বরে পাঠাশালার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।