নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নীলফামারীর জলঢাকায় আরজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় তার স্বামী গোলাম কিবরিয়াকে আটক করেছে থানা পুলিশ। নিহত আরজিনা আক্তার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম শনিবার(২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

গৃহবধূর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আরজিনা আক্তার ও গোলাম কিবরিয়ার প্রেমের সম্পর্ক চলছিল। দেড় বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর আরজিনার কাছে যৌতুকের দাবিকে করে শারীরিক নির্যাতন শুরু করে শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার দিন শুক্রবার(২০ ফেব্রুয়ারি) সকালে যৌতুক আনতে বলে আরজিনা আক্তারকে মারধর করেন। এসময়ে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে গৃহবধূ মৃত্যুবরণ করেন।

এবিষয়ে গৃহবধূ আরজিনা আক্তারের চাচি মরিময় বেগম জানান, বিয়ের পর থেকে আরজিনাকে যৌতুকের জন্য বিভিন্নভাবে হয়রানি ও শারীরিক নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকজন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার ঘটনার বিচার চাই। এবিষয়ে জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।