সংবাদ সম্মেলনে বক্তারা

রুমিন ফারহানার ওপর হামলায় দেশের মানুষ হতাশ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আশুগঞ্জ উপজেলার রুমিন ফারহানার সমর্থকরা।

আজ শনিবার বিকেলে আশুগঞ্জ প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন বলা হয়, রুমিন ফারহানার ওপর হামলায় ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের মানুষ হতাশ। একজন সংসদ সদস্য ও ভাষা সৈনিকের মেয়ের ওপর হামলার ঘটনা জাতির জন্য অশনিসংকেত।

সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাবুল বলেন, অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হন। রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নন, তিনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে। একজন ভাষা শহিদের মেয়ের ওপরে হামলা জাতির জন্য অশনিসংকেত।

আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রুমিন ফারহানার ওপরে হামলায় ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশের মানুষ হতাশ। অবিলম্বে এই হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির মুন্সি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি এই বিষয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল মুন্সি, আড়াইসিধা ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ আলীসহ অনেকে উপস্থিতি ছিলেন। এ সময় তারা অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।