ইউসিটিসিতে শ্রদ্ধাঞ্জলি একুশ – মহান মাতৃভাষা দিবস উদযাপন

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে “শ্রদ্ধাঞ্জলি একুশ” শিরোনামে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাস চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা মো. ওসমান, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর প্রফেসর আব্দুল কাদের তালুকদার, স্কুল অব বিজনেস-এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবু জাহিদ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. তাহের হোসাইন সেলিম, পাবলিক হেলথ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. ইনজামুল হক এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস. এম. শহিদুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল বিন আজিজ আলভি।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার দৃঢ় অঙ্গীকারে আয়োজিত এ কর্মসূচিতে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও গৌরব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।