ভিয়েতনাম ও সিঙ্গাপুর ২ ম্যাচেই হামজাকে পাওয়ার আশা

৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সিঙ্গাপুরের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি। টানা সাড়ে চার বছর বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচ। খুব যে সফল হয়েছেন তা বলা যাবে না। বিশেষ করে ভালো সুযোগ পেয়েও এশিয়ান কাপ বাছাই উতরাতে পারেনি বাংলাদেশ। এর পেছনে আছে কাবরেরার অনেক ভুল সিদ্ধান্তের দায়। তারপরও বাংলাদেশ অধ্যায়টা আরও দীর্ঘায়িত করার ব্যাপারে আশাবাদী কোচ। অপেক্ষায় আছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকের। যে বৈঠকে চূড়ান্ত হবে কাবরেরার ভবিষ্যৎ। শনিবার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক ইফতারে অংশ নিতে এসে দলের মূল ভরসা হামজা চৌধুরীকে মার্চের জোড়া ম্যাচে শতভাগ ফিট অবস্থায় পাওয়ার আশাও ব্যক্ত করেছেন কোচ।

নিজের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে কাবরেরা বলেন, ‘সভাপতির (তাবিথ) সঙ্গে আমার একটি বৈঠক বাকি আছে। গত সাড়ে ৪ বছরে যা যা হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। আমি নিশ্চিত আমরা একটা চুক্তিতে পৌঁছাতে পারব। তবে সিঙ্গাপুর ম্যাচের পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচটা হবে ভিয়েতনামেই। এই দুই ম্যাচকে সামনে রেখে ১৫ মার্চ শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। গত জানুয়ারির শেষ সপ্তাহে লেস্টার সিটির হয়ে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছিলেন হামজা চৌধুরী। ডান হাঁটুর লিগামেন্টে পাওয়া সেই চোট তাকে মাঠ থেকে ছিটকে দেয় কমপক্ষে ৬ থেকে ৮ সপ্তাহ। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এই মিডফিল্ডার। কাবরেরা অবশ্য মার্চের দুই ম্যাচে হামজাকে পাওয়ার আশা ছাড়ছেন না, ‘দুটি ম্যাচেই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কাবরেরা। তবে তিনি কোনো রকম ঝুঁকি হামজাকে নিয়ে নিতে চান না, ‘আমরা হামজা এবং লেস্টার মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করি, তার সেরে ওঠার প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন হবে। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার ফেরার। সব ঠিক থাকলে, অন্তত ওই ম্যাচটিতে সে খেলতে পারবে।’

ঢাকা ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্প নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন কাবরেরা, ‘ঢাকায় কিছু সেশন হবে, এরপর আমরা প্রীতি ম্যাচের জন্য ভিয়েতনামে যাব এবং সেখান থেকে সরাসরি অফিশিয়াল ম্যাচের জন্য সিঙ্গাপুরে যাব।’

ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে ১০৮তম স্থানে থাকা ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগটাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন কাবরেরা। যে ম্যাচে খেলে নিজেদের সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে শতভাগ প্রস্তুত করা যাবে বলে মনে করেন তিনি। পাশাপাশি এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ আছে। ফিফা উইন্ডোগুলোতে ম্যাচ খেলা জরুরি জানিয়ে কাবরেরা বলেন, ‘এসব ম্যাচ খেলার উদ্দেশ্য হলো এই বছরের শেষের দিকে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য সেরা প্রস্তুতি নিতে উচ্চ র‌্যাংকিংয়ের দলগুলোর বিপক্ষে খেলা।’