শ্রীলঙ্কার বদলা নাকি ইংল্যান্ডের আধিপত্য

খেলাটা যখন টি-টোয়েন্টি, তখন শ্রীলঙ্কার বিপক্ষে ইংরেজদের দাপটটা একটু বেশিই। এই সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে ১৭ বার, তাতে ইংল্যান্ডের জয় ১৩ বার আর শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৪ বার। বিশ্বকাপ শুরুর আগেভাগে, শ্রীলঙ্কার মাটিতেই তাদের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। বিশ্ব জুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ইংরেজ ক্রিকেটারদের সংখ্যাটাও জানান দেয়, এই সংস্করণে ইংল্যান্ড কতটা শক্তিশালী, দুটো বিশ্বকাপ তো তাদের এমনি এমনি জেতা হয়নি!

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এই পাল্লেকেলেতেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার স্মৃতিটা টাটকা হ্যারি ব্রুকের মনে। বিশ্বকাপেও একই কৌশলেই শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার চিন্তা ইংল্যান্ড অধিনায়কের, ‘হ্যাঁ, অবশ্যই আমরা এখানে এবং বিশেষ করে এই মাঠেই তাদের বিরুদ্ধে খুব ভালো একটি সিরিজ খেলেছিলাম; তাই সেই তিন ম্যাচের সিরিজের অভিজ্ঞতাগুলো আমরা কাজে লাগাতে পারি এবং আশা করছি আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ম্যাচেও তা ব্যবহার করতে পারব। তারা অবশ্যই একটি শক্তিশালী দল এবং গত কয়েকটি ম্যাচে দারুণ জয়ের পর তারা বেশ আত্মবিশ্বাসীও বটে। তবে আমরা যদি আমাদের শক্তিতে অটল থাকি  এবং আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে তাদের হারাতে না পারার কোনো কারণ নেই।‘  জস বাটলারের ব্যাটে রান নেই, তাই ব্যাটিং লাইন আপে কিছু অদল বদলের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে ব্রুকের উত্তর, ‘হ্যাঁ, ও ঠিক আছে। ও সব সময় ঠিকই থাকে। ও আগেও অনেকবার এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, আর টি-টোয়েন্টি ক্রিকেটে এটা খুবই স্বাভাবিক। এটি একটি অনিশ্চিত খেলা এক মুহূর্ত হয়তো আপনি দারুণ সব শট খেলছেন, আবার পরের মুহূর্তেই হয়তো ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাচ্ছেন। তাই আমার মনে হয় জস ঠিকই থাকবে, আর আশা করছি সুপার এইট পর্বে এখন ওর সেরা খেলাটা বের করে আনতে পারবে।’ অধিনায়ক হিসেবে প্রথম কোনো বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্রুক, তরুণ এই ব্যাটসম্যান জানিয়েছেন উপভোগ করছেন নেতৃত্বের ভূমিকা, ‘আমি এটা বেশ উপভোগ করছি; বিশেষ করে মাঠের ভেতরের বিষয়গুলো এবং কৌশলগত দিকগুলো আমার খুব ভালো লাগছে। যখন আপনি কয়েকটা ম্যাচ জিতবেন, তখন সব সময় একটা ভালো অনুভূতি কাজ করে। বিশ্বকাপের প্রথম অংশটা আমরা যতটা সহজ হবে ভেবেছিলাম, হয়তো ততটা ছিল না। তবে যেমনটা আমি বললাম, আমরা সেই সময়টা পার করে এসেছি এবং এখন আমাদের মূল লক্ষ্য হলো পরবর্তী ধাপের ওপর।‘