প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন তারেক রহমান। গতকাল শনিবার ছুটির দিনে সকাল ১০টা ১০ মিনিটে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে যান। এরপর তিনি সেখানে কর্মরতদের সঙ্গে কুশলাদি বিনিময়, মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। দেশ রূপান্তরকে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময় কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজখবর নেন। পরে আরও কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী রেড ব্লকে (প্রধানমন্ত্রী কক্ষ) প্রবেশ করেন। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন।
বৈঠকে সিদ্ধান্ত হয় নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে এই সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার। আগামী ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকের সামনে প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য জানান।
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারা দেশে চালু হবে। কত টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
মাহদী আমিন বলেন, সভায় বৈষম্যহীনভাবে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দেওয়া হবে; বিদেশে এবং বাংলাদেশে যেসব দূতাবাস রয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে কীভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ ও যোগ্য করে বিদেশে পাঠানো যায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট যেসব মন্ত্রী, সচিব যারা রয়েছেন তারা তাদের মতামত দিয়েছেন। খুব দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, জনগণের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করা হবে বলে জানান মাহদী আমিন।
এর আগে সালেহ শিবলী বলেন, শনিবার ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। এদিন তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফ করেছেন। পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়ে আজ আলোচনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।