রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় চেকপোস্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহ আলম (৩৩) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ সময় ওই দুর্বৃত্তের ফেলে যাওয়া ব্যাগ থেকে পাঁচটি ককটেল ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালি পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
ডিএমপির যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু দেশ রূপান্তরকে বলেন, সকাল থেকে কুতুবখালি পকেট গেট এলাকায় মোবাইল ডিউটি করছিলেন যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় ওই পথে চার যুবক দুটি ব্যাগ হাতে যাওয়ার সময় সন্দেহজনক মনে হওয়ায় কনস্টেবল শাহ আলম তাদের ব্যাগ তল্লাশি করতে যায়। তল্লাশিকালে একজন তার কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে আঘাত করে দৌড় দেয়। পুলিশ সদস্যরা তাদের পিছু নিলে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে একটি বোমা ও পাঁচটি ককটেল পাওয়া গেছে। সেগুলো বোম ডিস্পোজাল ইউনিটের কাছে দেওয়া হয়েছে। আহত শাহ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহত পুলিশ সদস্য যাত্রাবাড়ী থানায় পরিবহন শাখায় কর্মরত। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
ওসি জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারের পরই তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।