পথে থাকা রোজাদারদের ইফতার করাচ্ছে ‘স্বপ্ন’

পবিত্র রমজানে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও অসহনীয় যানজটের কারণে অনেকের পক্ষেই ইফতারের আগে বাসায় পৌঁছানো সম্ভব হয় না। পথেই বেজে যায় ইফতারের আজান। এমন পরিস্থিতিতে ঘরে ফিরতে না পারা সাধারণ মানুষ ও পথচারীদের একটু স্বস্তি দিতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’।

রমজান মাসজুড়ে ইফতারের ঠিক আগ মুহূর্তে এবং ইফতারের সময় পথচারী ও খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে ‘স্বপ্ন’-এর পক্ষ থেকে বিনামূল্যে খেজুর এবং শরবত বিতরণ করা হচ্ছে। মূলত সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, মেগাসিটির ট্রাফিক জ্যামসহ বিভিন্ন কারণে যারা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন না, তাদের ইফতারের প্রয়োজনীয়তা মেটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মূলত ইফতারের সময় রাস্তায় থাকা মানুষের দুর্ভোগ লাঘব করতেই ‘স্বপ্ন’ এই দায়িত্ব পালনে এগিয়ে এসেছে।

বর্তমানে ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৪টি স্বপ্ন আউটলেট থেকে এই সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ১৬০০ মানুষকে বিনামূল্যে ইফতারের এই সামগ্রী দেওয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।