রাজধানীর কল্যাণপুরের আলোচিত ‘জাহাজবাড়ি’ আস্তানায় কথিত জঙ্গি অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জন আসামিকে আদালতে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছেন।
এই মামলায় মোট আসামির সংখ্যা ৮ জন। তাদের মধ্যে সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বাকি ছয়জন পলাতক। পলাতক অন্য আসামিরা হলেন- শেখ মুহম্মদ মারুফ হাসান, মনিরুল ইসলাম, কৃষ্ণ পদ রায় ও আব্দুল বাতেন। আসামিদের উপস্থিত না হওয়ায় আইন অনুযায়ী তাদের আত্মসমর্পণের সুযোগ দিতে বিজ্ঞপ্তির এই আদেশ দেওয়া হয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান। গত ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল এই আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। আজ আসামিদের হাজির করার দিন ধার্য থাকলেও পলাতকদের গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় নতুন এই আইনি প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে মিরপুরের কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামক একটি ভবনে ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই রাতে ৯ জন তরুণকে গুলি করে হত্যা করা হয়। তৎকালীন প্রশাসন একে জঙ্গি আস্তানা বলে দাবি করলেও, পরবর্তীতে অভিযোগ ওঠে যে এটি একটি সাজানো নাটক ছিল এবং এর মাধ্যমে পরিকল্পিতভাবে তরুণদের হত্যা করা হয়েছে।