চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা ব্যাটিং ব্যর্থতায় বিস্ময়ের জন্ম দিয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মারকুটে এই ব্যাটার গ্রুপ পর্বের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। চারদিকে চলছে সমালোচনা। কিন্তু এটাকে ইতিবাচকভাবেই দেখছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। তার এই মন্তব্যে ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়েছে।
সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শাস্ত্রী মনে বলেছেন, এই ব্যর্থতা ভবিষ্যতে দলের জন্য ভালো সংকেত হতে পারে। তার ভাষায়, ‘আমি এটাকে ইতিবাচক হিসেবেই দেখি যে অভিষেক শর্মা তিনটি শূন্য করেছে। বড় মুহূর্তের জন্য সে নিজের সেরা খেলাটা জমিয়ে রেখেছে। প্রতিপক্ষ দলগুলো একটু চিন্তায় থাকবে, কারণ সে এখনো রান পায়নি।’
ভারতের দল নির্বাচনের প্রসঙ্গে তিনি জানান, প্রোটিয়াদের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। বর্তমান দলে গভীরতা আছে এবং সব বিভাগই ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, ‘প্রায় একই দলই থাকবে। এই দলের গভীরতা আছে, সব দিক কভার করা হয়েছে। যে কোনো দলের জন্যই অপশন দরকার, আর সেই অপশনগুলো এই দলে আছে।’
ক্রিকেট বিশ্লেষকদের মতে, সুপার এইটে ভারতের এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ গত বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের হারিয়েই শিরোপা জিতেছিল ভারত। দক্ষিণ আফ্রিকা দলের প্রশংসা করে শাস্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস অনেক বেশি। এটা দারুণ লড়াই হবে, কারণ তারা কোনোভাবেই দুর্বল দল নয়। নিশ্চিতভাবেই প্রতিদ্বন্দ্বিতা হবে।’