কথা কম বলে বেশি কাজ করতে চান অর্থ ও পরিকল্পনামন্ত্রী

আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রনালয়ে তাঁর প্রথম কার্যদিবসে জানিয়ে দিলেন, তিনি কথা কম বলে কাজ বেশি করতে চান। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মনোভাব ব্যক্ত করেন। 

মন্ত্রী বলেন, আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আজ সবে মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করার পর বিস্তারিত কথা বলব। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি কথা কম বলি, কাজ বেশি করি। এখন সবে এসে বসলাম। কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জেনে তারপর কথা বলব। তোমাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, অন-টাইম তোমরা সবকিছু জানতে পারবে। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি, সেটা তোমরা সবাই জানো।

পরে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে এলে তিনি কর্মকর্তাদের পেশাদারত্বের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়, এখন কাজে মনোযোগী হতে হবে।

নতুন মন্ত্রীর প্রথম কর্মদিবসে এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।