বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের পাঠশালা চালু

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ পাঠশালা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকালে শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ার মাধ্যমে এই পাঠশালার উদ্বোধন করা হয়।

কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং ফিতা কেটে পাঠশালাটির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ। 

সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালার এই উদ্যোগের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।