টর্চ জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়াল দুইপক্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছে অন্তত ২ জন।

শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের হামবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে চলে সংঘর্ষ।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম মোবাইল ফোনেব জানান, গতকাল রাতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ব্যাপারে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আর এর আগে একই ঘটনায় পুলিশবাদীসহ তিনটি মামলা সদর থানায় করা হয়েছে।