গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি মৎস্য খামার থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লতিফপুর জোড়াব্রিজ এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর জোড়াব্রিজ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আজ সকালে জালাল উদ্দিনের একটি মৎস্য খামারে এক লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে তার ফোর্স সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই মৎস্য খামারে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক তার বয়স ৪০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। তবে এখনো মৃত্যুর কারণ জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।