নকলায় ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ 

শেরপুরের নকলায় পাচারকালে ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার উত্তর বাজারের পৃথক দুই স্থানে সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামের ডিলার পয়েন্ট থেকে দুই ট্রাকে পাচারকালে ৯৮০ বস্তা সার জব্দ করা হয়। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আঃ ওয়াহেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার ভর্তি দুটি ট্রাক নকলা থানা পুলিশের সহায়তায় আটকের নির্দেশ দিন।

এ বিষয়ে অভিযুক্ত ডিলাররা বলেন, আমরা সার ক্রয় বাবদ ডিও করেছি, যার প্রেক্ষিতে ঝিনাইগাতী বাফার জোন সার পাঠিয়েছে, তবে কোথা থেকে পাঠিয়েছে আমরা জানতাম না। এ‌ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সার ভর্তি ট্রাকদুটি শেরপুর বাফার জোন ঝিনাইগাতী পয়েন্ট নামানোর কথা ছিলো, কিন্তু ঝিনাইগাতী বফার জোনের ইনচার্জের যোগসাজশে নকলা ডিলার পয়েন্ট সার স্থানান্তরের উদ্যোগ নেয়, যা সম্পূর্ণ বেআইনি। যার প্রেক্ষিতে সার ভর্তি ট্রাক দুটি নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাফারজোন যেহেতু আমাদের নিয়ন্ত্রণে না, সেহেতু আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারিনা, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, যান চলাচল ঠিক রাখতে ট্রাক দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে। আমরা লিখিত কোন জব্দ আদেশ পাইনি। কৃষি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।