লম্বা বিরতির পর ইমরান-নওমি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বর্তমানে গান নিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন। তার পেশাগত যাত্রা শুরু হয় চ্যানেল আই আয়োজিত ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে। অন্যদিকে আরেক রিয়েলিটি শো ‘চ্যানেল আই খুদে গান রাজ’র মাধ্যমে পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরু করেন জেরিন তাসনিম নওমি। এর আগে তারা একসঙ্গে বেশ কয়েকটি গান করেছেন সুনামের সঙ্গে। তবে মাঝে লম্বা সময় গান করা হয়নি তাদের। কারণ নওমি এখন স্থায়ীভাবে কানাডায় বসবাস করছেন। সম্প্রতি দেশে এসেছেন এই গায়িকা। দেশে আসার পর আবারও ইমরানের সঙ্গেই নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গত ২১ ফেব্রুয়ারি রাতে ইমরানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এখনো নাম ঠিক না হওয়া গানটি লিখেছেন আসিফ ইকবাল।

এ প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘দীর্ঘদিন পর নওমি দেশে এসেছে। আবার কিছুদিন পর চলেও যাবে। তাই ভাবলাম নতুন একটি গান তারসঙ্গে করা যেতেই পারে। সেই ভাবনা থেকে নওমিকে নিয়ে নতুন একটি মৌলিক গান করা। এর আগেও আমরা বেশ কিছু মৌলিক গান গেয়েছি, সিনেমাতেও গেয়েছি। আগামীতে আরও গান করার ইচ্ছে আছে। মূলত শ্রোতা-ভক্তদের জন্য আবারও নওমির সঙ্গে নতুন গান করা। কারণ এর আগেরবার যখন দেশে এসেছিল নওমি, তখন তার সঙ্গে একটি ছবি পোস্ট করার পর সবাই জানতে চেয়েছিল নতুন গান কবে আসবে।’

 নওমি বলেন, ‘ইমরান ভাই সবসময়ই আমার খোঁজখবর রাখেন। এ জন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সত্যি বলতে কি ফেলে আসা দিনগুলো অনেক মিস করি। আর এবার আসার পর তিনিই মূলত আমাকে ডেকে এই গানটি গাওয়ান। তো আশা করছি আগামীতেও আরও কিছু গান করার। হয়তো কানাডাতেও আমরা গানের মিউজিক ভিডিও’ও করতে পারি যদি সবকিছু ঠিকঠাক থাকে। শ্রোতা-দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’