সান্ত্বনার বিসিএল শুরু হচ্ছে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলে আজকের দিনে বাংলাদেশের ক্রিকেটাররা থাকতে পারতেন আরব সাগর পাড়ের স্বপ্নশহর মুম্বাইতে। যদি তারা উঠতে পারতেন সুপার এইট পর্বে। অথবা থাকতে পারতেন ছুটিতে, ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে। লিটন-মোস্তাফিজরা দেশেই আছেন, তবে ছুটিতে নয়। বরং বেশ লম্বা সময়ের ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। দিন-তারিখ ঘোষণা হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের, মাস তিনেকের শীতঘুম কাটিয়ে মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে চার দলের বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণ। ক্রিকেটে বইছে ‘উত্তুরে হাওয়া’, তাই খেলা হবে রাজশাহী আর বগুড়ায়।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হবে নর্থ জোন ও ইস্ট জোন। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লড়বে সাউথ জোন ও সেন্ট্রাল জোন। নর্থ জোনের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত, তার সঙ্গী লিটন দাস, আকবর আলি, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেনরা। তার প্রতিপক্ষে আছেন ইয়াসির আলি চৌধুরি,পারভেজ হোসেন ইমন, সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিবরা।

টুর্নামেন্ট শুরুর আগে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন উইকেট নিয়ে আশাবাদের কথা, ‘খুব ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। উইকেট বেশ ভালো। স্পোর্টিং উইকেট। দুই দলের জন্যই সুবিধা থাকবে। যে দলটা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আমরা খুব ভারসাম্যপূর্ণ একটা দল। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে ফলাফলও আমাদের দিকে আসবে।

সচরাচর বিসিএলের ওয়ানডে সংস্করণে জাতীয় দলে নিয়মিত ক্রিকেটারদের দেখা যায় না, তখন তারা ব্যস্ত থাকেন আন্তর্জাতিক ক্রিকেটে। এবারের প্রেক্ষাপট আলাদা। সামনে পাকিস্তান সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলবেন এই আসরে। শান্তর কাছে বিসিএল তাই প্রস্তুতির ভালো সুযোগ, ‘আমার মনে হয় খুব ভালো একটি টুর্নামেন্ট প্রস্তুতি হিসেবে। নতুন কিছু খেলোয়াড় খেলার সুযোগ পাবেন। যারা ঘরোয়া টুর্নামেন্ট খেলছে তাদের জন্যও বড় একটি সুযোগ। আমার মনে হয় প্রতিটি ক্রিকেটারের জন্যই ভালো একটি সুযোগ। চারটি দল ভালো দল, ভালো দুটি ভেন্যুতে খেলা হচ্ছে। যেখানে অনেক রান হয়। উইকেট স্পোর্টিং হয়। প্রস্তুতির দিক থেকে ভালো একটি সুযোগ। আমরা যদি এই প্রতিযোগিতা ভালোভাবে খেলতে পারি ভালো প্রস্তুতি নিয়ে পাকিস্তান সিরিজে যেতে পারব।

শান্তর দলে আছেন লিটন দাস। ওয়ানডেতে লিটনের পড়তি ফর্ম তাকে এই সংস্করণে করেছে ব্রাত্য। তবে শান্ত মনে করেন লিটনের পক্ষে ওয়ানডে দলে ফেরাটা সম্ভব, ‘লিটন দাস যেভাবে টি-টোয়েন্টি ফরম্যাট খেলছে  কিছুদিন ধরে এবং টেস্টে নিয়মিত পারফর্মার। আমার মনে হয় না, ওয়ানডে ফরম্যাট নিয়ে তার চিন্তার বেশি কোনো কারণ আছে। খুব ভালো শেপে আছে। আমি অধিনায়ক হিসেবে একদমই চিন্তিত না যে, লিটন এই ফরম্যাটে ভালো অবস্থানে নেই। টেস্ট ও টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করছে। আমি আশাবাদী ও টিমের জন্য ভালো কিছু করবে এবং আমার মনে হয় যে ওই ধরনের পরিণতবোধ অবশ্যই আছে এবং তার অভিজ্ঞতা আমাদের দলকে ভালোভাবে সাহায্য করবে।’

বিসিএল দেখতে এখন বগুড়ায় নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। গত কয়েক মৌসুম ধরেই ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে গরমে এবং রমজান মাসে। এবারও রমজান মাসে আরেকটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট, কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই আসর এমন প্রশ্নে সাবেক পেসার জানালেন, ‘আসলে আমাদের ঘরোয়া সূচিটাই এ রকম হয়ে আসছে। অন্য সময়ে যদি টুর্নামেন্টটা করা যেত তাহলে তো ভালোই হতো। তবে বিপিএল হয়েছে, অদম্য বাংলাদেশ টি-২০ হয়েছে, সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে তাই বিসিএল ওয়ানডে করা হয়েছে। এই সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হবে।’

রাজশাহীতে  সাউথ জোন লড়বে সেন্ট্রাল জোনের বিপক্ষে। সাউথ জোনে আছেন সৌম্য সরকার, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমানরা, তাদের প্রতিপক্ষে সেন্ট্রাল জোনে খেলবেন সাইফ হাসান, নাঈম শেখ, জিশান আলমরা।