শিরোপা ধরে রাখার মিশনে হোঁচট মায়ামির

এমএলএস কাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হলো না লিওনেল মেসির ইন্টার মায়ামির। শনিবার রাতে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে তারা।

লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কোলিজিয়ামে আয়োজিত এই ম্যাচটি দেখতে ভিড় জমিয়েছিলেন ৭৫,৬৭৩ জন দর্শক, যা এমএলএস ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম দর্শক সমাগম। স্টেডিয়ামে মেসিকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে কয়েকদিন ভুগলেও, এদিন পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন মেসি।

ম্যাচের শুরু থেকেই মায়ামির ওপর চাপ সৃষ্টি করে খেলেছে এলএএফসি। ৩৮তম মিনিটে সন হিউং-মিনের দারুণ পাসে ডেভিড মার্টিনেজ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। মায়ামির নতুন গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের পজিশনিং ভুল বোয়াঙ্গার গোলটি পাওয়া আরও সহজ করে দেয়।

৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেনিস বুয়াঙ্গা। গত মৌসুমে গোল্ডেন বুট দৌড়ে মেসির ঠিক পেছনে থাকা এই ফরাসি তারকা টিমোথি টিলম্যানের পাস থেকে বল পেয়ে মায়ামির গোলরক্ষক সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে ইনজুরি সময়ে বুয়াঙ্গার সহায়তায় তৃতীয় গোলটি করেন নাথান ওর্দাজ।

পুরো ম্যাচে লিওনেল মেসিকে বেশ কোণঠাসা করে রেখেছিল এলএএফসি-র রক্ষণভাগ। মেসি কোনো শটই লক্ষ্যে রাখতে পারেননি। সার্জিও বুসকেটস ও জর্ডি আলবার অবসরের পর নতুন সতীর্থদের সঙ্গে মেসির রসায়ন এখনো গড়ে ওঠার পর্যায়ে রয়েছে। এই জয়ের মাধ্যমে লস অ্যাঞ্জেলেস এফসি এমএলএস-এর উদ্বোধনী ম্যাচে তাদের অপরাজেয় ধারা বজায় রাখল (৯-০-০)। অন্যদিকে, এই হারের ফলে মায়ামির জন্য মৌসুমের পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটি বেশ বড় হয়ে দেখা দিয়েছে।