পাকিস্তান সিরিজই লিপুর শেষ

মার্চে পাকিস্তান সিরিজের জন্য দল নির্বাচনের মাধ্যমেই প্রধান নির্বাচক জীবনের ইস্তফা দেবেন গাজী আশরাফ হোসেন লিপু। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ৩১ মার্চ পর্যন্ত লিপুর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপুকে প্রধান নির্বাচক পদে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছিল বিসিবি।

আজ থেকে শুরু বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণ দেখে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের জন্য দল নির্বাচন করাটাই লিপুর শেষ অ্যাসাইনমেন্ট। লিপুর উত্তরসূরি হিসেবে জোরালো ভাবে শোনা যাচ্ছে হাবিবুল বাশারের নাম। লিপু সরে যাওয়াতে প্রধান নির্বাচকসহ দুজন নির্বাচকের আসন শূন্য হওয়াতে বিসিবি একসঙ্গে দুজনকে নিয়োগ দেওয়ার কথাই ভাবছে।