‎লেভান্তেকে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ার সুযোগটি পূর্ণমাত্রায় কাজে লাগালো বার্সেলোনা। রবিবার ক্যাম্প ন্যুতে অবনমনের শঙ্কায় থাকা লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে পুনরায় লা লিগার টেবিলের শীর্ষস্থান দখল করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

‎গত সপ্তাহে জিরোনার কাছে ২-১ গোলে হেরে বার্সা দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল। তবে লেভান্তের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় তারা।
‎ম্যাচের মাত্র ৪ মিনিটেই বার্সাকে লিড এনে দেন ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা মার্ক বার্নাল। এরিক গার্সিয়ার নিচু ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। ৩২ মিনিটে জোয়াও ক্যান্সেলোর নিখুঁত ক্রস থেকে আনমার্কড অবস্থায় বল জালে জড়ান ফ্রেঙ্কি ডি ইয়ং। বদলি হিসেবে নেমে ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন ফার্মিন লোপেস। বলটি পোস্টে লেগে জালে জড়ায়।
‎পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা

‎এই জয়ের পর ২৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৬১। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ গত শনিবার ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।