ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও অনুসন্ধানী সাংবাদিক সালীম সামাদ (৭৪) মারা গেছেন। গতকাল বরিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সালীম সামাদের মৃত্যুতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ডিআরইউ প্রাঙ্গণে তার জানাজা শেষে মিরপুর ১১ নম্বরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লেখক মহিউদ্দিন আহমদ ফেসবুকে লিখেছেন, ‘সুহৃদ সালীম সামাদ আমাদের ছেড়ে চলে গেছে। তার মতো সাহসী সাংবাদিক আমার চোখে পড়েনি। তার আত্মার শান্তি হোক।’
সালীম সামাদের জন্ম ঢাকায়, ১৯৫২ সালে। পড়াশোনা করেছেন শাহীন স্কুলে। তৎকালীন জগন্নাথ কলেজ থেকে ১৯৭৬ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা ছিল সালীম সামাদের।