নিজের পুরনো অঙ্গনে ফিরলেন অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের চার দিন পর গতকাল রবিবার ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারের কাজে ফিরেছেন তিনি। এ সময় পুরনো সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
দেড় বছর আগে গণঅভ্যুত্থানের পর দেশের এক বিশেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন। কর্মস্থলে ফিরলেও এখনো তিনি যমুনা ছাড়েননি। চলতি মাসের শেষদিকে যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন।
অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসার দর্শন প্রচার ও প্রসারে আন্তর্জাতিক থিংকট্যাংক ও রিসোর্স সেন্টার হিসেবে কাজ করছে ইউনূস সেন্টার। ইউনূস সেন্টারের ফেসবুক পেজে অধ্যাপক ইউনূসকে ইউনূস সেন্টারে ঊষ্ণ অভ্যর্থনা জানানোর কয়েকটি ছবি পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্ট অধ্যাপক ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নেতৃত্ব দিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগের জায়গায় ফিরেছেন। তিনি গতকাল সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।