কবিতায় কবিতায় সংস্কৃতিমন্ত্রীকে শিল্পকলা একাডেমিতে স্বাগত

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘একুশের কবিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। একাডেমির মহাপরিচালক তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি ও আবৃত্তিশিল্পীরা অংশ নেন। একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সচিব মোহাম্মদ জাকির হোসেন (কবি জাকির জাফরান)।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া শহীদদের স্মরণ করে বলেন, ‘কবিতা শুধু কাঁদায় না, মানুষকে জাগায়, সংগ্রামমুখর করে। কবিতা অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র সংগ্রামের পাশাপাশি সাংস্কৃতিক বিপ্লব গান ও কবিতা ছিল আমাদের অস্ত্র। ঠিক তেমনি ২০২৪-এর জুলাই আন্দোলন ছিল তরুণ শিক্ষার্থীদের ভাবনা ও স্বপ্নের ফসল। আমরা বাংলাদেশকে নতুন, আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে চাই। বিশ্ব যখন সংঘাত ও বিভাজনে ভরা, তখন আমরা দেখাতে চাই বিভাজন নয়, ঐক্য; অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই করে একটি সুখী, সমৃদ্ধ, গতিশীল, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে আমরা বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য নতুন যাত্রা শুরু করেছি। সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও বেগবান করতে চাই। যাতে সংস্কৃতিকর্মের মাধ্যমে মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, মানবিকতা ও কল্যাণের নতুন জাগরণ সৃষ্টি করে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নতুন দায়িত্ব নিয়ে এই যাত্রা শুরু করেছে।’

সভাপতির বক্তব্যে মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন প্রথমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবি ও আবৃত্তিশিল্পীরা। কবিদের মধ্যে ছিলেন মতিন বৈরাগী, মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, হাসান হাফিজ, মাহবুব হাসান, সাখাওয়াত টিপু, জাকির আবু জাফর, শাহাবুদ্দিন নাগরী, জুনান নাশিত, আদিত্য নজরুল, আবিদ আজম, শাকিল মাহমুদ, জব্বার আল নাঈম, ইমরান মাহফুজ, জুন্নু রাইন প্রমুখ।