পরিকল্পনা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্প পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হবে। আগামীতে প্রকল্প গ্রহণের আগে ‘সমষ্টিগতভাবে উন্নতির’ বিষয়টি বিবেচনায় আনা হবে। এ ক্ষেত্রে ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে সবকিছু পরিকল্পনা করা হবে। সেই সঙ্গে উন্নয়নে চাকা যেন গতিশীল থাকে, সেদিকেও নজর থাকবে। গতকাল আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি।
এদিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, ‘দায়িত্ব নেওয়ার মাত্র দুদিন হলো। আজকে (রবিবার) সবেমাত্র মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি, তারপর কথা বলব। আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই।’
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘সবে মাত্র এখানে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জেনে তারপর কথা বলব। আপনাদের (সাংবাদিক) বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই। অনটাইম সবকিছু জানতে পারবেন।