আজ ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর কয়েকটি এলাকায় আজ নির্ধারিত সময়ের জন্য গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। পাইপলাইন প্রতিস্থাপন কাজের অংশ হিসেবে এই সাময়িক পরিস্থিতির সৃষ্টি হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধান এবং সরবরাহব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নির্ধারিত এলাকায় পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এ কারণে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

স্বল্পচাপের আওতায় পড়বে শহিদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার চেষ্টা থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।